

নাসিক ৫নং ওয়ার্ডে ১৯৬৯ সালে নির্মিত ‘সুবহান হাজী ভবন’ ঝুঁকিপূর্ণ, অপসারণের দাবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় ১৯৬৯ সালে নির্মিত ‘সুবহান হাজী ভবন’ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
ভবনের বিভিন্ন অংশ থেকে প্লাস্টার ও দেয়ালের অংশ খসে পড়ার পাশাপাশি সম্প্রতি একটি সানসেট ভেঙে নিচে পড়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে ভবনটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ অবস্থায় দেখা যায়।
দুর্ঘটনা এড়াতে ভবনটি দ্রুত অপসারণ করে নতুনভাবে নির্মাণের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) দৃষ্টি আকর্ষণ করেছেন ভবনের অন্যতম অংশীদার ও প্রয়াত সুবহান হাজীর সন্তান নাসির উদ্দিন।
নাসির উদ্দিন জানান, ভবনটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তারা চার ভাই তাদের সন্তান-সন্ততিসহ ইতোমধ্যে বাসা ছেড়ে অন্যত্র সরে গেছেন। তিনি বলেন, কিছুদিন আগে ভবনের একটি সানসেট ভেঙে নিচে পড়ে যায়। আল্লাহর রহমতে সে সময় নিচে কোনো স্কুলগামী শিক্ষার্থী না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, ভবনটির নিচতলায় কোমলমতি শিশুদের জন্য একটি কোচিং সেন্টার পরিচালিত হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনটিতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ভবনটি অপসারণ করে নতুনভাবে পুনর্নির্মাণের দাবি জানান তিনি।
তবে ভবনের নিচতলার দোকানদার ও কয়েকজন এলাকাবাসী পুরো ভবনটি ভেঙে ফেলার পরিবর্তে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে সংস্কারের পক্ষে মত দিয়েছেন। স্থানীয় এক দোকানদার বলেন, সানসেট ভেঙে পড়ার ঘটনাটি ভয়াবহ ছিল। তবে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় কেউ হতাহত হয়নি। তাই প্রকৌশলীদের পরামর্শ অনুযায়ী ভবনটি সংস্কার করে মজবুত করার উদ্যোগ নেওয়া যেতে পারে।
অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, ভবনের সানসেট ও দেয়ালের বিভিন্ন অংশ খসে পড়ে পাশের বাড়ির টিনসহ বিভিন্ন আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
আপনার মতামত লিখুন :