আন্তঃজিলা সাইলো শাখার ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে উত্তেজনা: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যানার ঘিরে সংঘর্ষের শঙ্কা


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন /
আন্তঃজিলা সাইলো শাখার ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে উত্তেজনা: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যানার ঘিরে সংঘর্ষের শঙ্কা

আন্তঃজিলা সাইলো শাখার ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে উত্তেজনা: প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ব্যানার ঘিরে সংঘর্ষের শঙ্কা

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়ন, সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তা হোসেনের নির্বাচনী ক্যাম্পের সামনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহ আলম হীরার একটি বড় আকারের নির্বাচনী বিলবোর্ড টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না হলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, নির্বাচনকে ঘিরে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। তবে সম্প্রতি মুক্তা হোসেনের প্রধান নির্বাচনী ক্যাম্পের অদূরে প্রায় ১০ ফুট × ১২ ফুট আকারের একটি নির্বাচনী বিলবোর্ড স্থাপন করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

মুক্তা হোসেনের সমর্থকদের অভিযোগ, প্রতিদ্বন্দ্বী পক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের নির্বাচনী ক্যাম্পের সামনে বিলবোর্ড স্থাপন করে প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং উসকানিমূলক পরিবেশ তৈরির চেষ্টা করছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

এলাকা ঘুরে দেখা গেছে, উভয় প্রার্থীর কর্মী-সমর্থকরা সতর্ক অবস্থানে রয়েছেন। সাধারণ ট্রাকচালক, শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণে পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। সময়মতো প্রশাসনের হস্তক্ষেপ না হলে সামান্য ঘটনাকেও কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এদিকে সাধারণ শ্রমিক, ভোটার ও স্থানীয় সচেতন মহল প্রশাসন এবং নির্বাচন পরিচালনা কমিটির দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তার হোসেন বলেন, “আমার নির্বাচনী ক্যাম্প থেকে মাত্র তিন ফুট দূরত্বে একটি বড় নির্বাচনী বিলবোর্ড লাগানো হয়েছে, যা আমার ক্যাম্পকে প্রায় আড়াল করে রেখেছে। যদি কেউ ওই বিলবোর্ড ছিঁড়ে ফেলে, তার দায়ভার আমি নেব না। এ বিষয়ে আমি সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।

অন্যদিকে অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহ আলম হীরা বলেন, বিলবোর্ডটি মুক্তার হোসেনের দাবি অনুযায়ী এতটা কাছে নয়, যথাযথ দূরত্ব বজায় রেখেই স্থাপন করা হয়েছে। যেখানে বিলবোর্ড লাগানো হয়েছে, সেই জায়গার মালিকের অনুমতি নিয়েই এটি স্থাপন করেছি। তারপরও যদি মুক্তার হোসেন আমাকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান, তাহলে আমি বিলবোর্ডটি সরিয়ে নিতে প্রস্তুত আছি। তবে কেউ যদি এটি ছিঁড়ে বা ক্ষতিগ্রস্ত করে, সে দায় আমি নেব না।

এ ঘটনায় এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।

📰 ফটো কার্ড তৈরি করুন