
শীতে শেরপুরে নষ্ট হচ্ছে বোরোধানের বীজতলা : সংকট কৃষি শ্রমিকের
বিশেষ প্রতিনিধি :
শেরপুর জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এতে নানা সংকটে পড়েছে কৃষকরা। অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশায় নষ্ট হয়ে যাচ্ছে বোরোধানের বীজতলা। অনেক স্থানেই বীজতলা একধরনের ছত্রাকে আক্রান্ত হচ্ছে। এতে চারা জ্বলে যাচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে না চারা।
এদিকে শীতের কারণে মাঠে কাজ করতে পারছে না কৃষক। দেখা দিয়েছে কৃষি শ্রমিকের সঙ্কট। ফলে পিছিয়ে যাচ্ছে বোরোধানের আবাদ।
চলতি মওসুমে শেরপুর জেলায় ৯১ হাজার ৯শ ৪০ হেক্টর জমিতে বোরোধান চাষের লক্ষমাত্রা ঠিক করা হয়েছে। এজন্য ৪হাজার ৮ শ ৯৯ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরোধানের বীজতলা তৈরি করা হয়েছে। ইতিমধ্যে জেলায় পৌনে পাঁচ হাজার হেক্টর জমিতে বোরোধানের চারা রোপন কাজ শেষ হয়েছে।
চরশেরপুরের কৃষক নাজির আহমেদ জানান, শীতে জালা নষ্ট হয়ে যাইতাছেগা। জমি নাগাবার পাইতাছিনা। নামলে বাতে জমিতে বোরোধান লাগাইলে কাটার সময়তো রিক্সের মধ্যে পইরা জামুগা। পরানপুরের কৃষক ফজলুল হক বলেন, আমন ধান কাইটা সরিষার আবাদ করছি। সরিষা তুইলা বোরোধান চাষ করমু। কিন্তু জালা (চারা) নষ্ট হইয়া যাইতাছেগা। কীটনাশক দিতাছি, সেচ দিতাছি কোন কামই হইতাছে না। এবার বোরো ফসল করমু কেমনে।
শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ছত্রাক নাশক কীটনাশক ছিটানোর জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। আর বীজতলায় সন্ধায় সেচ দিয়ে সকালে নিয়মিত পানি বের করে দেয়াসহ নানা পরামর্শ দিয়ে যাচ্ছে আমাদের লোকজন।
আপনার মতামত লিখুন :