
চাঞ্চল্যকর বিদ্যুৎকেন্দ্রের শটগান ডাকাতি মামলায় লুণ্ঠিত আরও একটি শটগান উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত আরও একটি শটগান উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এর মধ্য দিয়ে আলোচিত এ মামলায় ডাকাতি হওয়া দুটি শটগানই উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২ জুলাই ২০২৬ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে বন্দর থানার হরিপুর ২৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রের নদীর ঘাটসংলগ্ন ডিউটি পোস্টে দায়িত্ব পালন করছিলেন সাধারণ আনসার সদস্য সৈকত মিয়া ও মো. মনিরুজ্জামান মুন্সী।
এ সময় ইঞ্জিনচালিত নৌকাযোগে ৫-৬ জন ডাকাত সেখানে এসে দেশীয় অস্ত্র ও রামদা প্রদর্শন করে তাদের জিম্মি করে দুটি শটগান লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর প্লাটুন কমান্ডার মো. মনির মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামানের তদারকিতে জেলা গোয়েন্দা শাখার খ-জোন ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই শরীফুল হাসান ও এসআই এস এম আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে রূপগঞ্জ থানার চনপাড়া ৯ নম্বর ওয়ার্ডে জনৈক জলিলের জমির পাশের ধইঞ্চা ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় লুণ্ঠিত আরও একটি শটগান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এর আগে গত ১৩ জুলাই একই মামলায় একটি শটগান উদ্ধার এবং একজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।
সর্বশেষ উদ্ধার অভিযানের মাধ্যমে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত দুটি শটগানই উদ্ধার করা হয়েছে।
তবে মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
আপনার মতামত লিখুন :