নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত ইপিক-১ গার্মেন্টে অনুষ্ঠিত বার্ষিক পিকনিকে দেওয়া খাবার খেয়ে প্রায় শতাধিক গার্মেন্টস কর্মকর্তা- কর্মচারী অসুস্থ হয়েছে


Admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২, ২০২৪, ৭:৫৯ পূর্বাহ্ন / ২৮
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত ইপিক-১ গার্মেন্টে অনুষ্ঠিত বার্ষিক পিকনিকে দেওয়া খাবার খেয়ে প্রায় শতাধিক গার্মেন্টস কর্মকর্তা- কর্মচারী অসুস্থ হয়েছে

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত ইপিক-১ গার্মেন্টে অনুষ্ঠিত বার্ষিক পিকনিকে দেওয়া খাবার খেয়ে প্রায় শতাধিক গার্মেন্টস কর্মকর্তা- কর্মচারী অসুস্থ হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জস্থ আদমজী ইপিজেডে অবস্থিত ইপিক-১ গার্মেন্টে অনুষ্ঠিত বার্ষিক পিকনিকে আয়োজনে দেওয়া খাবার খেয়ে প্রায় শতাধিক গার্মেন্টস কর্মকর্তা- কর্মচারী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫০ এর অধিক শিশুও রয়েছে। বর্তমানে তারা আদমজীস্থ আলিফ জেনারেল হাসপাতাল, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্যাক্টরির ভেতর অনুষ্ঠানটির আয়োজন হয়।

ভুক্তভোগীরা জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ের একপর্যায়ে দুপুরে কারখানাটির পক্ষ থেকে উপস্থিত কর্মকর্তাসহ তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের খাবার দেয়া হয়। পরবর্তীতে ঘন্টাখানেক যেতেই ঘটনাস্থলে অনেক অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুতই তাদের নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

খাবার খেয়ে অসুস্থ হওয়া কামাল নামের একজন কোয়ালিটি অফিসার জানিয়েছেন, দুপুরের খাবার খাওয়ার অল্প কিছুক্ষণ পরই স্টেজের সামনে তিনবার বমি করেন। পরবর্তীতে তার সহকর্মীরা তাকে সিদ্ধিরগঞ্জ পুলস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

ইসরাফিল নামের এক গার্মেন্ট কর্মী জানান, প্রতিবছর এই সময় বনভোজনের আয়োজন করা হয়। কখনো এমন সমস্যা হয় নি। এবার কি কারণে এমন হলো তা বুঝতে পারছি না। হয়তো খাবারে কোনো সমস্যা ছিল।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক এসকে ফরহাদ বলেন, আমাদের এখানে ২২ জন অসুস্থ শ্রমিককে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইপিক-১ গার্মেন্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায় নি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান , ঘটনাটি শুনেছি। খাবার খেয়ে ওই গার্মেন্টের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।###